আমাদের আজকের আলোচনার বিষয় নাট্যকার রামনারায়ণ তর্করত্ন ও তাঁর কুলীনকুলসর্ব্বস্ব নাটক সহ অন্যান্য তথ্য। আমরা নাট্যকারের ব্যক্তি পরিচয় ও তাঁর রচিত নানা গ্রন্থের তথ্য তুলে ধরেছি যা অন্যত্র দুর্লভ। আশা করি, এই তথ্যগুলি পাঠক পাঠিকা ও পরীক্ষার্থীদের চাহিদা পূরণে সক্ষম হবে। প্রথমেই দেখে নেওয়া যাক রামনারায়ণ তর্করত্নের ব্যক্তি পরিচয়।
রামনারায়ণ তর্করত্ন
জন্ম – ২৬ ডিসেম্বর, ১৮২২ খ্রিস্টাব্দে চব্বিশ পরগণার হরিনাভি গ্রামে
পিতা – রামধন শিরোমণি
ভ্রাতা – প্রাণকৃষ্ণ বিদ্যাসাগর (ছোটোবেলায় রামনারায়ণ পিতামাতাকে হারানোর পর ভ্রাতার কাছেই লালিত-পালিত হয়েছেন)
কৌলিক পদবি – ভট্টাচার্য
শিক্ষা – গভঃ সংস্কৃত কলেজ
কর্মজীবন – সংস্কৃত কলেজের অধ্যাপক (১৮৫৫ – ১৮৮২)
উপাধি – কবিকেশরী, কাব্যোপাধ্যায়
উপনাম – নাটুকে রামনারায়ণ
মৃত্যু – ১৯ জানুয়ারি ১৮৮৬ খ্রিস্টাব্দ (৭ই মাঘ, ১২৯২ বঙ্গাব্দ)
গ্রন্থাবলী
মৌলিক নাটক – কুলীনকুলসর্ব্বস্ব নাটক (১৮৫৪), নবনাটক (১৮৬৬), রুক্মিণীহরণ নাটক (১৮৭১), স্বপ্নধন নাটক (১৮৭৩), ধর্ম্ম-বিজয় নাটক (১৮৭৫), কংসবধ নাটক (১৮৭৫), সুনীতিসন্তাপ নাটক (১২৭৫ বঙ্গাব্দ, অপ্রকাশিত)
অনুবাদ নাটক – বেণীসংহার নাটক (১৮৫৬), রত্নাবলী নাটক (১৮৫৮), অভিজ্ঞানশকুন্তল নাটক (১৮৬০), মালতীমাধব নাটক (১৮৬৭),
প্রহসন – যেমন কর্ম তেমনি ফল (১৮৬৫), উভয় সঙ্কট (১৮৬৯), চক্ষুদান (১৮৬৯)
গদ্যগ্রন্থ – পতিব্রতোপাখ্যান (১৮৫৩)
সংস্কৃত গ্রন্থ – মহাবিদ্যাধন (১৮৭০), আর্যাশতকম্ (১৮৭২), দক্ষযজ্ঞম্ (১৮৮১, ১৮৮২)
পারিতোষিক প্রাপ্তি
১. ‘কুলীনকুলসর্ব্বস্ব নাটক’ লেখার জন্য রংপুরের জমিদার কালীচন্দ্র রায়ের কাছ থেকে পঞ্চাশ টাকা পারিতোষিক পান।
২. ‘রত্নাবলী’ নাটকের জন্য কান্দির রাজা প্রতাপসিংহ বাহাদুর লেখককে দু’শো টাকা পারিতোষিক দেন।
৩. ‘নবনাটক’ লেখার জন্য জোড়াসাঁকোর গুণেন্দ্রনাথ ঠাকুর লেখককে দু’শো টাকা পারিতোষিক দেন।
৪. ‘মালতীমাধব নাটক’ লেখার জন্য পাথুরিয়াঘাটার রাজা যতীন্দ্রমোহন ঠাকুর লেখককে একশ টাকা পারিতোষিক দেন।
৫. ‘সুনীতিসন্তাপ নাটক’ লেখার জন্য কাঁসারিটোলার কালীকৃষ্ণ প্রামাণিক লেখককে দু’শো টাকা পারিতোষিক দেন।
৬. ‘রুক্মিণীহরণ নাটক’ লেখার জন্য পাথুরিয়াঘাটার রাজা যতীন্দ্রমোহন ঠাকুর লেখককে পঞ্চাশ টাকা পারিতোষিক দেন।
৭. ‘পতিব্রতোপাখ্যান’ লেখার জন্য রংপুরের জমিদার কালীচন্দ্র রায়ের কাছ থেকে পঞ্চাশ টাকা পারিতোষিক পান।
এবার আমরা নাট্যকারের দুটি নাটক সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দেব। প্রথমটি কুলীনকুলসর্ব্বস্ব নাটক ও দ্বিতীয়টি নব নাটক। এর পাশাপাশি আমরা নাট্যকার ও তাঁর নাটকের কিছু প্রাসঙ্গিক তথ্যও দেখে নেব।
কুলীনকুলসর্ব্বস্ব নাটক
নাট্যকারের প্রথম এবং সর্বাধিক পরিচিত ও জনপ্রিয় নাটক। উদ্দেশ্যমূলক এই নাটকটিকে প্রথম বাংলা সামাজিক নাটক বলা যেতে পারে। নাটকে কৌলীন্য প্রথার দোষ হাস্যরসাত্মক ভাবে তুলে ধরেছেন নাট্যকার। কুলীনকুলসর্ব্বস্ব অর্থাৎ কুলীনের কুলই যে সর্বস্ব তাই নাটকের মূল ভাব। নাটকে দেখানো হয়েছে কুলীন বিবাহিতা নারীর করুণ দুঃখের চিত্র। তাদের স্বামী থেকেও নেই, সধবা হয়েও তাদের বিধবার মতো জীবন কাটাতে হয়।
ছয়টি অঙ্কে সজ্জিত এই নাটকের সংলাপ রচিত হয়েছে গদ্য ও পদ্য যোগে। নাটকে ঘটনাকালের ব্যপ্তি দুই দিন। অধর্মরুচি, বিবাহবণিক, অভব্যচন্দ্র ইত্যাদি নামের চরিত্রের দেখা মেলে এই নাটকে যা বিচিত্র ও কৌতুকপূর্ণ। নাটকে আছে সমাজচেতনা ও কৌতুকরস। নাটকটির প্রথম অভিনয় হয় ১৮৫৭ খ্রিস্টাব্দে কলকাতায় জয়রাম বসাকের বাড়িতে। কলকাতার বাইরে চুঁচুড়াতে নরোত্তম পালের বাড়িতে নাটকটির অভিনয় হয়েছিল ১৮৫৮ খ্রিস্টাব্দে।
নবনাটক
বহুবিবাহের বিষাক্ত পরিণাম দেখানোর উদ্দেশ্যে রচিত হয়েছিল ‘নবনাটক’। গ্রাম্য জমিদার গবেশচন্দ্রের সাবিত্রী নামে এক পত্নী থাকা সত্ত্বেও অন্য আর একটি বিয়ে করেন। এই বিবাহের পাত্রীটি ছিল ষোলো বছরের চন্দ্রলেখা। গবেশচন্দ্র চন্দ্রলেখার প্রতি অধিক অনুরাগে অতি শীঘ্রই তার আজ্ঞাবহ হয়ে পড়ল। ক্রমে বাড়তে লাগল চন্দ্রলেখার ঔদ্ধত্য, অত্যাচারিত হতে থাকল সাবিত্রী। মায়ের উপর ক্রমাগত বাড়তে থাকা অত্যাচার সহ্য করতে না পেরে সাবিত্রী-পুত্র সুবোধ বাড়ি ছেড়ে চলে গেল। অত্যাচারিতা সাবিত্রী আত্মহত্যা করল। জোড়াসাঁকোয় গুণেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এই নাটকের বহুবার অভিনয় হয়।
কিছু প্রাসঙ্গিক তথ্য
১. ‘নবনাটক’ বহুবিবাহ সহ নানা সামাজিক কু-প্রথা বিষয়ক নাটক।
২. নাট্যকারের জীবদ্দশায় ‘কুলীনকুলসর্ব্বস্ব নাটক’ কলকাতার নতুনবাজার ও চুঁচুড়ায় অভিনীত হয়েছিল।
৩. জোড়াসাঁকোয় কালীপ্রসন্ন সিংহের বাড়িতে অভিনীত হয় বেণীসংহার নাটকটি।
৪. নাট্যকারের জীবদ্দশায় ‘রত্নাবলী নাটক’ অভিনীত হয় বেলগাছিয়ায়।
৫. অভিজ্ঞানশকুন্তল নাটকের অভিনয় হয়েছিল কলকাতার ক্ষেত্রমোহন ঘোষের বাড়িতে।
৬. রুক্মিণীহরণ নাটকের প্রথম অভিনয় হয় পাথুরিয়াঘাটার যতীন্দ্রমোহন ঠাকুরের বাড়িতে, ১৮৭২ খ্রিস্টাব্দের ১৩ই জানুয়ারি।
আলোচক – নীলরতন চট্টোপাধ্যায়
বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস ও ব্যাকরণের তথ্য এখন হাতের মুঠোয়। ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ।


